যশোরের বাঘারপাড়ায় বনবিড়ালের সঙ্গে ধাক্কা লেগে মহব্বত হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন। একই সঙ্গে অন্য একটি গাড়ির চাপায় পিষ্ট হয়ে বনবিড়ালটিরও মৃত্যু হয়েছে।
এ বিষয়ে যশোরের খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, মঙ্গলবার রাতে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মহব্বত যশোর সদরের ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মণ্ডলের ছেলে।
এ ব্যাপারে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন, রাত ১১টার আগে ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। মোটরসাইকেলে দুজন মাগুরা থেকে যশোরের দিকে আসছিলেন। পথে বনবিড়ালের সঙ্গে তাদের ধাক্কা লাগে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালক পাশের একটি গাছে গিয়ে আঘাত করে। আমরা স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসে তাদের তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু ওই যুবকের মৃত্যুর বিষয়টি জানা নেই। বিষয়টি হাইওয়ে থানা দেখে।
এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার বিষয়ে আমাদের কিছু জানা নেই।
জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে এক সহকর্মীসহ বাড়ি ফিরছিলেন মহব্বত। দুর্ঘটনার পর তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান তিনি।
