ময়মনসিংহের গৌরীপুরে মানিক মিয়া নামে এক সাবেক শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পর সড়ক দুর্ঘটনা বলে ভর্তি করালেও মারা যাওয়ার পর পরিবার বলছে এক যুবদল নেতা পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে গৌরীপুর পৌর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানিক গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে। তিনি উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি। পেশায় তিনি পিকআপ ভ্যানচালক ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক বলেন, স্বজনের কাছে শুনেছি মানিককে পিটিয়ে আহত করা হয়। তবে কি কারণে ভর্তি কাগজে সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে তা জানা নেই। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে মানিক গৌরীপুর বাসস্ট্যান্ডে বসে ছিলেন। এ সময় ১০-১৫ জন তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করে। পরে বাসস্ট্যান্ড থেকে সতিশা রোড এলাকায় নিয়ে মানিকের স্ত্রী সেলিনাকে ডেকে এনে আহত অবস্থায় তাকে দিয়ে চলে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় মানিক মারা যান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মানিকের মা ও ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
