মৌলভীবাজারে এক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আব্দুল মতিন নামের আপন ভাইকে অপহরণ করে হত্যা করার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলো নিহত আব্দুল মতিনের আপন ভাই আব্দুল মজিদ, আব্দুল আজিদ, আব্দুল রুফ, নিহতের বোন আয়েশা আক্তার রত্না ও আব্দুল মজিদের স্ত্রী তুলি বেগম। নিহত আব্দুল মতিন সদর উপজেলার আপারকাগাবালা ইউপির শমসেরগঞ্জ (দৌলতপুর) গ্রামের মৃত হাজি আব্দুল মন্নানের ছেলে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, নিহত আব্দুল মতিনের সঙ্গে তার ভাই-বোনদের দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা ছিল। এই বিরোধের জের ধরে তার ভাই আব্দুল মজিদ হত্যার পরিকল্পনা করে। গত ২৮ জুন আব্দুল মতিনের আদালতে সাক্ষ্য দেওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল তার।
