গাইবান্ধার সাঘাটায় স্ত্রীর ওপর ক্ষোভের জেরে দাদা-দাদির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দাদিকে হত্যা এবং দাদাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নাতি শাখিল মিয়ার (১৯) বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদকাসক্ত শাখিল কিছুদিন আগে বিয়ে করেন। বিয়ের পর তার স্ত্রী রত্না বেগম স্বামীর মাদকাসক্তি টের পেয়ে তাকে এ পথ থেকে ফেরানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ঘটনার দিন সকালে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে শাখিল তার দাদা করিম মিয়া (৭০) ও দাদি ফেরেজা বেগমকে (৬৫) চাপ দেন। তারা রাজি না হওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে শাখিল ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। গ্রামবাসী তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জুমারবাড়ী ইউনিয়নের কায়দার গেট এলাকায় ফেরেজা বেগম মারা যান। আহত করিম মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর সাঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাখিলকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
