কালিগঞ্জের ঠেকরা রহিমপুর গ্রামে সনজিব সরকার নামে এক যুবকের লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথাসংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সনজিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। জানা যায়, মঙ্গলবার রাতে সনজিব সরকার তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে তার বাবা বাড়িতে ফিরে এলেও সনজিব আর ফেরেননি। গভীর রাতে স্থানীয়রা সনজিবের নিজস্ব মাছের ঘেরের সামনে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; বরং একটি পরিকল্পিত হত্যা। দুর্বৃত্তরা অন্যত্র সনজিবকে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশে রাতের অন্ধকারে তার লাশ নিজস্ব ঘেরের সামনে ফেলে রেখে যায়।