সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হেসেন (৬০) নামে এক বৃদ্ধের লাশ মিলেছে বাড়ির পাশের রান্নাঘরের নিচে। সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হলে ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় জিডি করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, আওলাদ হোসেন দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি লিখে নেওয়ার জন্য আওলাদ হেসেনকে চাপ সৃষ্টি করে। আওলাদ হোসেন সম্পত্তি স্ত্রীকে লিখে না দেওয়ায় সাইফুল নামে একজনের সহায়তায় পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে দ্বিতীয় স্ত্রী। পুলিশের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্ত্রীসহ আটকরা দায় স্বীকার করেছেন।
