রায়পুরে মাদকসেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে সাগর হোসেন (৪০) নামে আহত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাগর রায়পুরের দেবীপুর গ্রামের বাসিন্দা এবং টাইলস মিস্ত্রি। ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তার বুকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল আমিন নামের স্থানীয় এক ব্যক্তি সাগরকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। নিহত সাগরের ভায়রা মো. রাজন জানান, অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। ঘটনার দিন এক ব্যক্তিকে নুরুল আমিনের কাছ থেকে মাদক কিনতে দেখে সাগর বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল আমিন সাগরকে ছুরিকাঘাত করেন। এতে সাগরের লিভার ও ফুসফুসে জখম হয়।

ওসি শাহীন মিয়া বলেন, অভিযুক্তকে ঘটনার দিনই গাঁজাসহ আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে সে জামিনে মুক্ত হলেও ছুরিকাঘাতের মামলায় সোমবার তাকে আবারও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।