ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গি সোহানকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গি সোহানের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র নিয়ে মহড়া, প্রকাশ্যে কুপিয়ে সর্বস্ব ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও মাদকসেবনসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। সন্ত্রাসী সোহানের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরে আসে। অনেকে আনন্দে এলাকায় মিষ্টি বিতরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জঙ্গি সোহান বাহিনীতে প্রায় অর্ধশত অস্ত্রধারী সদস্য রয়েছে। তার বাহিনীর ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে সন্ত্রাসী সোহান বাহিনীর অন্যতম সদস্য হাতকাটা আমজাদসহ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও সোহানকে গ্রেফতার করতে পারেনি। অবশেষে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে তার সহযোগী উপপরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনসহ পুলিশের একটি চৌকশ দল উপজেলার হাবিবপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার দুপুরে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত জঙ্গি সোহানকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।