চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফবি দেশ’ নামক জাহাজে অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকায় নেওয়ার পথে এ দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। বুধবার জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন-‘এফবি দেশ’-এর গ্রিজার রুবেল ও ডেকের দায়িত্ব পালন করা শাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।

মঙ্গলবার কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাটসংলগ্ন এলাকায় নোঙর করা এফবি দেশ জাহাজের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত। এতে জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন। এ ঘটনায় নগরীর সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ক্যাপ্টেন জুবায়ের বলেন, গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকায় নেওয়ার পথে এ দুজন মারা যান। পরিবারের ইচ্ছায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে। বাকি চারজনের মধ্যে জাহাজের ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। অপরদিকে উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।