পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে ও নিহত শবদুলের স্ত্রী আশা খাতুন (২৫)।

আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান জানান, দুদিন আগে শবদুল কুচিয়ামোড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শ্বশুরবাড়ির একটি পুকুরে বৈদ্যতিক মোটর দিয়ে পানি সেচার কাজ চলছিল। এজন্য একটি বাঁশের সাহায্যে নেওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়লে পানি বিদ্যুতায়িত হয়। এটি কেউ বুঝতে পারেনি।

শবদুল ও তার স্ত্রীসহ অন্য কয়েকজন মঙ্গলবার রাত ৮টার দিকে ওই পুকুরে মাছ ধরতে গেলে তারা বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পুকুরপাড়ে তোলার কিছুক্ষণের মধ্যেই শবদুল ও তার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।