ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় ঘোষণার পরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা। বুধবার সীতাকুণ্ড থানায় এ মামলাটি হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে বুধবার ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ও অন্যদের ধরতে অভিযান চলছে। সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রায় ঘোষণার পরপর আসলাম চৌধুরীর সমর্থকরা বিক্ষোভে নামে। বিকালে ছোট দারোগারহাট, কুমিরা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ইলেকট্রিক করাত দিয়ে সড়কের পাশের সরকারি গাছ কেটে গুঁড়িসহ সড়কের ওপর ফেলে ব্যারিকেড সৃষ্টি করে।
পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
এতে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
