ভাঙ্গায় পূর্বশত্রুতার জেরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকালে গুলিবিদ্ধ যুবক সুমন শেখের মৃত্যু হয়েছে। নিহত সুমন ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। এ ঘটনায় জড়িত হাসামদিয়া ও আতাদী গ্রামের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সুমন হত্যার বিচার দাবিতে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে মাসচারেক আগের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কাপুড়িয়া সদরদী গ্রামের সঙ্গে যুক্ত হয় হোগলাডাঙ্গী ও শিলাদরচর গ্রাম এবং হাসামদিয়ার সঙ্গে যুক্ত হয় আতাদী গ্রামের লোকজন। দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ায় পুরো এক্সপ্রেসওয়ে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাত সাড়ে ৯টার দিকে যুবক সুমন শেখ গুলিবিদ্ধ হয়।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতেই গ্রেফতার ১৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে সুমনের মা সামেলা বেগম তার ছেলেকে হত্যাকারীদের ফাঁসি চান। সন্তানের জামা-কাপড় বুকে জড়িয়ে বিলাপ করতে দেখা গেছে এই মাকে।