ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার গঙ্গানগর মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রেললাইনের ধারে ঘাসের ওপর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। চলন্ত ট্রেনের দরজা বা হেন্ডেল থেকে অসাবধানতাবশত ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আখাউড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।