রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকালে বনানী সুপার মার্কেটের এক জুয়েলার্সে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করে। তারা তাদের এক আত্মীয়ের বিয়ের জন্য ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করে এবং পছন্দ করা স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতে বলে। একপর্যায়ে দোকান কর্তৃপক্ষ মূল্য পরিশোধের জন্য টাকা চাইলে তারা একটি কালো রঙের ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখে। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো জাল নোট বলে শনাক্ত করেন।

বিষয়টি বুঝতে পেরে দুজন পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন একজনকে আটক করতে সক্ষম হন। অপরজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধৃত আসামিকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।