পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁর কাঁচপুর কাশিপুরে আবু জুম্মান (২৮) নামে এক অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কাশিপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে আবু জুম্মানের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানায় দায়েরকৃত অভিযোগে বাদী উল্লেখ করেন, আবু জুম্মান প্রেমের সম্পর্কে আফসানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এ কারণে বিভিন্ন সময় স্ত্রী আফসানা, তার বাবা নুর হোসেন ও পরিবারের অন্য সদস্যরা প্রায়ই জুম্মানকে প্রাণনাশের হুমকি দিতো। নিহতের মা সেলিনা বেগমের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় তার ছেলে আবু জুম্মানকে নির্যাতন করে হত্যার পর লাশ ঘরে আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।