ভারতীয় তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জের মোস্তাফিজুর রহমান মেহেদীকে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জের কালিকাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। গ্রেফতারকৃত মেহেদী পৌরসভার কালিকাপুরের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, মেহেদীর সঙ্গে ফেসবুকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের এক তরুণীর পরিচয় ঘটে। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সুবাদে তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করে। তরুণীর সেসব ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে তরুণীর নিকটাত্মীয়দের কাছে পাঠায় মেহেদী। এ ঘটনায় ভারতের তরুণী মুর্শিদাবাদের সুতি থানায় লিখিত অভিযোগ করেন। পরে জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন প্রেরণ করে। জেলা গোয়েন্দা শাখার দায়িত্ব প্রাপ্ত ওসি, ডিবি-১ সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করার পর ৫ আগস্ট বিকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।


