সুনামগঞ্জের ধর্মপাশায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে বৃহস্পতিবার দুপুরে পূর্ণা রানী দাস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রি স্বপন চন্দ্র দাসের মেয়ে।
এদিকে ময়মনসিংহের গৌরীপুর শহরের পূর্ব দাপুনিয়া মহল্লায় খালের পানিতে ডুবে জুনাইদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে। শিশুর মা শিরিনা আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ঘরের কাজ করছিলেন।
এ সময় জুনাইদ ফুটবল নিয়ে খেলা করছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না। তবে ফুটবলটি পানির স্রোতে ভেসে যেতে দেখেছেন এলাকার অনেকে। এলাকার আবু জাফর মো. সাদেক জানান, ধারণা করা হচ্ছে খেলার সময় ফুটবলটি পানিতে পড়ে গেলে সেটি আনতে গিয়ে শিশুটি ডুবে মারা যেতে পারে।


