নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে আকাশ তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল। বৃহস্পতিবার বিকালে কুরপাড় গ্যাস অফিস সংলগ্ন তিতাস নগর এলাকার মাহাবুল আলম মোহনের বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে আকাশের লাশ উদ্ধার করা হয়। নিহত আকাশ তালুকদার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের বাসিন্দা। তিনি শহরের সাতপাই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের বিপরীতে অবস্থিত একটি ওয়ালটন শোরুমে ডিলার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এএসপি সজল কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা আত্মহত্যায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।