বরিশালে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক রনিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি ইসমাইল হোসেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন ভোলা রোড এলাকা থেকে অভিযুক্তকে আট করে পুলিশে দেয় শিক্ষার্থী ও স্থানীয়রা। এরপর এ ঘটনায় স্থানীয় এক নারী বাদী হয়ে রাতেই মামলা করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে কারাগারে পাঠায় পুলিশ। আটক রনি কর্ণকাঠী গ্রামের বাসিন্দা। বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় রিকশা চালায়।
বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ কার্যক্রম চলবে।


