মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। আব্দুল আজীজ (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশার আমতৈলের সামছুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণগ্রামের হাজী আব্দুস সোবহানের শুঁটকি আড়তে কর্মচারী হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে হাজী আব্দুস সোবহানের ভাই হাজী মানউল্লাহর ছেলে সুলেমান মিয়া (৪৫) আজীজকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে বাথরুমে বস্তাবন্দি অবস্থায় আজীজের লাশ দেখতে পান। এ সময় সুলেমান কৌশলে পালান।


