হরিপুর, পীরগঞ্জ ও রাণীশংকৈলে পৃথক ঘটনায় প্রাণ দিয়েছেন তিন নারী। বড়লেখায় বটগাছের ডালে ঝুলছিল তরুণের লাশ। কুমিল্লা ও মীরসরাইয়ে উদ্ধার হয়েছে দুই যুবকের লাশ। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-ঠাকুরগাঁওয়ের হরিপুর, পীরগঞ্জ ও রাণীশংকৈলে তিন নারীর লাশ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন-হরিপুরের গেদুড়া কিসমত গ্রামের নাজেরা আক্তার (২৩), পীরগঞ্জের চাপোড় গ্রামের মেহেরন নেছা (৬৩) এবং একই উপজেলার সিঙ্গারোল এলাকার মোনালিসা (১৮)। পুলিশ জানায়, হরিপুরের নাজেরা আক্তারের প্রথম সন্তান জন্মের কিছুদিন পর মারা যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্প্রতি তিনি দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন। সোমবার বিকালে পরিবারের সদস্যরা নবজাতককে টিকা দিতে বাইরে নিয়ে গেলে ঘরের ভেতর ফাঁস দেন নাজেরা। অন্যদিকে পীরগঞ্জের মেহেরুন নেছা ১০ বছর ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সোমবার রাতে তার স্বামী কর্মস্থলে থাকা অবস্থায় তিনি নিজ কক্ষে আত্মহত্যা করেন। এছাড়া পারিবারিক কলহের জেরে গত শুক্রবার বিষপান করেন পীরগঞ্জের সিঙ্গারোল এলাকার তরুণী মোনালিসা। মৌলভীবাজারের বড়লেখায় দিপক সিং (১৯) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কেরামতনগরে বাড়ির পাশে টিলায় বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। দিপক সিং কেরামতনগর দক্ষিণ গ্রামের দুকউরা সিংয়ের ছেলে। এসআই আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। কুমিল্লায় গোমতীর চর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর চরসংলগ্ন কাচিয়াতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকালে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় পরিত্যক্ত বিস্কুট কারখানা থেকে মঙ্গলবার সকালে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যুবক আমিনুল ইসলাম (৩৫) চট্টগ্রাম শহরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে। জানা গেছে, সকালে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। জানা গেছে, আমিনুল একদিন আগে বাসা থেকে বের হয়েছিল।