বিদ্যুৎস্পৃষ্টে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ছেলে-বাবা-মায়ের, রাঙামাটির লংগদু ও যশোরের মনিরামপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার অনন্তপুর উত্তরহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মারা গেছেন তারা হলেন-ফরহাদ মিয়া এবং তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা আক্তার। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ওইদিন বিকালে নিজ বাড়ির দোকানে মেরামতের কাজ করছিলেন ছেলে ফরহাদ মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে মা এগিয়ে এসে জড়িয়ে ধরেন। একইভাবে পিতা নুরুল আমিন তাদের বাঁচাতে ছুটে আসেন। পরে তারা তিনজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। রাঙামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে বেনসান চাকমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে বেনসন চাকমা দিনমজুর ছিলেন বলে জানান স্থানীয়রা। জানা যায়, নিজের বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন বেনসন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। যশোরের মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে জিয়াউর রহমান জিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জিয়াউর রহমান ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। মঙ্গলবার ভোরে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা-মায়ের ডিভোর্সের পর ছয় মাস বয়সি ছেলে জিয়াউর রহমানকে নিয়ে মা চাইনা বেগম তার বাবার বাড়ি মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামে স্থায়ীভাবে থাকতেন।


