রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশানঘাট এলাকার একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রানা আহমেদ (৪০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাত পৌনে ৯টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মো. কাজল জানান, পোস্তগোলায় সুরমা ওয়ার্কশপে রাতে রোলার মেশিন চালিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে মেশিনের সঙ্গে লেগে রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি আরও জানান, নিহত রানা আহমেদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার খিলপাড়া গ্রামে। বর্তমানে শ্যামপুরে পোস্তগোলার রুস্তমখোলায় মা মঞ্জিল নামে একটি ভাড়া বাসায় করতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,​ মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/এএমএ