জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার গণভোটের ফলাফল চুরি করেছে।শনিবার (১১ জুলাই) বিকেল চারটার দিকে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও এখনো কার্যকর হয়নি। এখনো কোনো কর্মসংস্থান নিশ্চিত করা হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ে নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ইরান যুদ্ধের দোহাই দিয়ে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, অথচ এখন পর্যন্ত লোডশেডিং সমস্যার সমাধান করতে পারেনি। জনগণ বর্তমানে চরম সংকটের মধ্যে রয়েছেন।’এনসিপির চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব মো. আকরাম হোসেন, মহিউদ্দিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদারসহ আরও অনেকে।