বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর সৌদি আরবের ফুটবলে বড় পরিবর্তনের সূচনা হয়েছে। সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি ইয়াসের আল-মিসেহাল রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সংস্থাটির শীর্ষ পদে তার সাত বছরের দায়িত্বের অবসান হলো।
এক বিবৃতিতে আল-মিসেহাল বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে সৌদি আরবের ব্যর্থতার জন্য তিনি দায় স্বীকার করে বলেন, ‘বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা করে নিতে না পারা আমাদের সবার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এই ব্যর্থতার পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করছি।’
বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করে সৌদি আরব। শেষ ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও নকআউট পর্বে ওঠা হয়নি তাদের।
এটি ছিল সৌদি আরবের সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ এবং টানা তৃতীয় বিশ্বকাপ। তবে ১৯৯৪ সালের ঐতিহাসিক আসরে শেষ ষোলোতে ওঠার পর আর কখনোই তারা গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।
হতাশাজনক এই অভিযানের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল কোচিং স্টাফে পরিবর্তন। বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে ফরাসি কোচ হার্ভে রেনার্ড দায়িত্ব ছেড়ে দেন। তার এই বিদায় দলকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় এবং প্রতিযোগিতা শুরুর আগেই নানা প্রশ্নের জন্ম দেয়।
আল-মিসেহালের বিদায়ের মধ্য দিয়ে সৌদি ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। ২০১৯ সালে ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশটির ফুটবলে বড় ধরনের পরিবর্তনের নেতৃত্ব দেন। এছাড়া ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার অধিকার নিশ্চিত করার সফল বিডের অন্যতম প্রধান রূপকার ছিলেন তিনি, যা তার মেয়াদের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।
আরএএইচইউএল/আইএন








