রাজধানীর চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন লেগেছে। শনিবার দুপুরে মার্কেটের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুপুর ১টা ৪৬ মিনিটে মার্কেটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যুক্ত হয় আগুন নিয়ন্ত্রণে। তাদের চেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, মার্কেটের আটতলা ভবনের তৃতীয় তলায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত।




