চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে নতুন স্থাপন করা একটি টিউবওয়েল ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। টিউবওয়েল স্থাপনের পর হাতল চাপার আগেই মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে দেখা যায়।
পরে গ্যাসের উপস্থিতির আভাস মেলে এবং আগুন ধরালে টিউবওয়েলের মুখে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়রা।
রোববার বিকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাচ্চু মিয়ার ছেলে বাবু তার পরিবারের জন্য পানীয় জলের উদ্দেশ্যে টিউবওয়েলটি তার নিজ বাড়িতে বসান।
কাজ শেষ হওয়ার পরই উপস্থিত লোকজন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন, কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি প্রবাহিত হচ্ছে। অল্প সময়ের মধ্যেই টিউবওয়েলের মুখে বুদবুদের শব্দ শোনা যায়, যা উপস্থিতদের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও সৃষ্টি করে।
টিউবওয়েল বসানো মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, আমরা কয়েকজন মিলে ওই বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ শেষ হওয়ার পর হাতল চাপার আগেই পানি বের হতে দেখি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্যাসলাইট ধরিয়ে পরীক্ষা করলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই এটিকে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির ইঙ্গিত বলে মনে করছেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় লোকজন।
নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় কৌতূহল ও আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
বর্তমানে টিউবওয়েলটিতে সাময়িকভাবে আগুন ধরার বিষয়টি বন্ধ থাকলেও গ্যাসলাইট দিয়ে আগুন দিলে ওই টিউবওয়েলে আগুন জ্বলে উঠে। তবে পুরোপুরিভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে বলে টিউবওয়েলের মালিক বাবু জানান।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল গণমাধ্যমকে জানান, টিউবওয়েল থেকে আগুন বা গ্যাসের বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।
The post চাপ ছাড়াই পানি, টিউবওয়েলের মুখে জ্বলছে আগুন—আতঙ্ক appeared first on ZoomBangla.





