চট্টগ্রামের রাউজানে নালার পানিতে পড়ে মোহাম্মদ মোস্তাকিম নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাকিম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, দাদার সঙ্গে দোকানে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের নালায় পড়ে যায় মোস্তাকিম। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নালায় প্রবল স্রোত থাকায় মুহূর্তেই সে ভেসে যায়। পরে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে নালার স্রোত অত্যন্ত তীব্র ছিল। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।








