গাজীপুর সদর উপজেলায় দুই সন্তানকে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন কৃষক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পরে থানায় অভিযোগ আসে সোমবার রাতে। অভিযুক্ত কাইয়ুম মীরের বাড়ি সদর উপজেলার ধলীপাড়া গ্রামে। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। এই সুযোগে একই এলাকার কাইয়ুম মীর ৬ থেকে ৭ মাস ধরে তাকে বিভিন্ন সময় তাকে কুস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় কাইয়ুম তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, গত ২৪ জুন রাতে কাইয়ুম ভুক্তভোগীর বাড়িতে গিয়ে দাবি করেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। তাই তিনি ওই রাতে আশ্রয় চান। মানবিক কারণে প্রবাসীর স্ত্রী তাকে ঘরে থাকতে দেন। পরে রাত ১২টার দিকে আবারও কুপ্রস্তাব দেয় সে। এতে ওই নারী রাজি না হলে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে তার চার মাস বয়সী শিশু ছেলের গলায় ধরে কাইয়ুম। ১৩ বছর বয়সী মেয়ের ক্ষতি করারও হুমকি দেয়। পরে ওই নারীকে ধর্ষণ করে সে।

জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।