গাজীপুর মহানগরের সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা-পুলিশ। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি পিস্তলের গুলি এবং নম্বর প্লেটবিহীন একটি টিভিএস অ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবু নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








