গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে দুটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে সিটি করপোরেশনের পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি লাল রঙের রেজিস্ট্রেশন নম্বরবিহীন টিভিএস মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা তানজিম আহমেদ সোহেল (৩০) এবং জিএমপি সদর থানার নীলেরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবু (৩০)।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”








