​নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজ থেকে হওয়া আকস্মিক বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন: মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) এবং মো. মারুফ (৮)। শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। ​ঘটনার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ তিনজন এসেছে। তাদের মধ্যে মাইদুলের শরীরে ৮৫ শতাংশ, বিউটির শরীরে ৮০ শতাংশ এবং মারুফের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসক আরও জানান, তাদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।