নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগা আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তারা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তবে, সদরের কোন এলাকায় ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
দগ্ধরা হলেন- মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং এই দম্পতির আট বছর বয়সী ছেলে মারুফ।
রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জে আগুনে দগ্ধদের আশংকাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, দগ্ধ পরিবারটির সঙ্গে কোনো স্বজন বা পরিচিত লোক নেই। যে কারণে দুর্ঘটনাস্থলের নির্দিষ্ট স্থানের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি। তিনি বলেন, “নারায়ণগঞ্জ সদরের ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।”








