হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা হতে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১০৬ শিশুর শরীরে। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ ডেঙ্গুরোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী ও সিলেটে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে সরাসরি হাম আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৭৪১ শিশুর মৃত্যু হলো।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরও ৯৪৭ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এ সময়ে মোট ১২ হাজার ৭৯১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে দুজন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, বরিশালে বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছে। চলতি বছর এ যাবত মোট ছয় হাজার ৫৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে ৫৫৪ জন চিকিৎসাধীন আছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মারা যায় ৪১৩ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যায় ৫৭৫ জন।


