বারুইপুরে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারের দাবিতে রোববার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে মোমবাতি মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের কালীঘাটের বাসভবনের সামনে থেকে মিছিল শুরু করেন তিনি। তৃণমূলের দাবি, বাড়ি থেকে বেরিয়ে গলির মুখে পৌঁছাতেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মিছিলের পথ আটকে দেয়। তবে কিছু সময়ের মধ্যেই মিছিল এগিয়ে যায় এবং কর্মসূচি অব্যাহত থাকে।
কিশোরীর মৃত্যুতে কয়েকদিন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিধিনিষেধও জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। একদিকে বিচারের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে, অন্যদিকে ঘটনা ঘিরে শাসক ও বিরোধী শিবিরের পালটাপালটি অভিযোগে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। বারুইপুরকাণ্ডের তদন্ত এবং তা ঘিরে রাজনৈতিক কর্মসূচির দিকে এখন নজর রয়েছে গোটা রাজ্যের। উল্লেখ্য, শনিবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনার বারইপুর থানার ধপধপি এলাকার সূর্যপুর হাটের ১২ বছর বয়সি এক শিশু তার বান্ধবীর বাড়ি যাচ্ছিল। এ সময় পথে স্থানীয় চার তরুণ তাকে অপহরণ করে। পরে রোববার ভোরে শিশুর বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন।


