বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক রাইস মিল মালিককে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে। তিনি নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে। উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। মোহাম্মদ আলী ফেনিগ্রাম পূর্বপাড়ার কছির উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন সোমবার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রান্সফরমারের তামার তার চুরি করতে এসে মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা। তিনি তাদের চিনে ফেলায় তারা তাকে হত্যা করে। এরপর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তারগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। ওসি আরও জানান, হত্যারহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মোহাম্মদ আলী সোমবার সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মিলে এসে তার হাত-পা ও মুখ বাঁধা লাশ দেখতে পান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।