চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে পোস্ট দেওয়ার দুই ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামের এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার দারোগা বাজার এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল উপজেলার চাম্বল সিকদার দোকন এলাকার শামসুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ব্রাজিল ও নরওয়ের মধ্যে খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর সোমবার সকাল ৯টায় ফেসবুকে একটি পোস্ট দেন জুয়েল। পোস্টে তিনি লেখেন, যে দলকেই সমর্থন করি না কেন-হয় হারবে, নয়তো জিতবে। তবে, নেইমারের জন্য হারটা মানতে পারছি না। ফেসবুকে এমন পোস্টের দুই ঘণ্টা পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক। তিনি বলেন, জুয়েল রানা নামের এক তরুণ বেলা ১১টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।