পানিতে ডুবে নোয়াখালীর হাতিয়ায় জেলে, চট্টগ্রামের হাটহাজারী ও ফরিদপুরের সদরপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এদিকে বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এক কিশোর নিখোঁজ হয়েছে। সোমবার ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নোয়াখালীর হাতিয়ায় নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে মোহাম্মদ মিলন নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। মিলন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আব্দুল বারেকের ছেলে। চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় পুকুরে ডুবে মোহাম্মদ সিয়াম নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার ৩নং ওয়ার্ড শায়েস্তা খাঁ পাড়া আব্দুল কাদের সওদাগর বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সিয়াম ছিপাতলী ইউনিয়নের রাজমিস্ত্রী মো. কাশেমের ছেলে। ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় মধু মন্ডলের ডাঙ্গি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে।
বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আসাদুল্লাহ নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আসাদুল্লাহ আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসা হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ বন্ধু সৈকতে ঘুরতে গিয়ে উত্তাল সমুদ্রে গোসলে নামেন। এ সময় নিুচাপের প্রভাবে সাগরের তীব্র স্রোতে তারা ভেসে গেলে স্থানীয় জেলেরা চারজনকে উদ্ধার করেন। তবে আসাদুল্লাহ নিখোঁজ হন।


