রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ভোর থেকেই মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।
রবিবার (১২ জুলাই) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এ অবস্থায় কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে ডিএসসিসি। পাশাপাশি ড্রেনের মুখ পরিষ্কার রেখে দ্রুত পানি নামিয়ে দিতে কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে গিয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে নিজেই গাছ অপসারণ কার্যক্রম তদারকি করেন। তার নির্দেশনায় দ্রুত গাছ সরিয়ে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রশাসক সকাল থেকেই রাজধানীর দক্ষিণ অংশের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলি পরিদর্শন করেন এবং চলমান পানি নিষ্কাশন কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলজট সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএসসিসির কর্মীরা ভোর থেকেই মাঠে রয়েছেন। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
তিনি নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় মানুষের পাশে রয়েছে।
এদিকে, চলমান বৃষ্টির মধ্যে ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।








