কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা নিকলীর ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৮ জুলাই) রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ছাতিরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কাছুম আলী (৬৫) ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। আহতরা হলেন ওই গ্রামের রমিজ মেম্বার ও হিরু মিয়া।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কিছুদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। কাছুম আলীসহ কয়েকজন বালু উত্তোলনে বাধা দিলে এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ বাঁধে। এর জের ধরে গভীর রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধাওয়ায় মাটিতে পরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কাছুম আলী। আশঙ্কাজনক অবস্থায় নিকলী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।