বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অভিযোগ কৃষক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : বগুড়ার ধুনটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এলাঙ্গী ইউনিয়ন সভাপতি সোহানুর রহমান ওয়াসিম গ্রেফতার হয়েছেন। নলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ওসি আতিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে পৃথক অভিযোগে তিনটি মামলা রয়েছে। সিলেটের গোলাপগঞ্জে সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমুড়া ইউনিয়নের কদমরসুল এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর এলাকার হাসপাতাল সড়কের বাইপাস মোড় থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হানিফ হাওলাদার পৌর এলাকার পূর্ব মালিপুর গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদার ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রলীগ নেতা রাজ মৃদুলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মৌলভীবাজার শহরের একটি বিশেষ এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মৃদুল মৌলভীবাজারের বিতর্কিত ‘কামাল গ্রুপের’ একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

