যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে দেখা যায়, তার নিজের ছবি। পাসপোর্টটিতে আরও লেখা রয়েছে, স্বাগত তবে ভদ্রভাবে থাকুন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি পোস্ট করেন ট্রাম্প। বিবিসি, সিএনএন।
পাসপোর্টের নকশায় দেখা যায়, ট্রাম্প একটি ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে কঠোর অভিব্যক্তি। ছবির নিচে তার স্বাক্ষরও রয়েছে। পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল টেক্সট ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের বিখ্যাত চিত্রকর্ম দেখানো হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’। এই পাসপোর্টকে প্যাট্রিয়ট পাসপোর্ট নামে অভিহিত করেছে হোয়াইট হাউজ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৬ জুলাই থেকে এই বিশেষ স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। তবে এটি শুধু ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এবং সীমিত সংখ্যায় বিতরণ করা হবে। এই পদক্ষেপ সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও বাড়ানোর একটি অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আগে বিভিন্ন সরকারি ভবনে তার ছবিসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া ট্রেজারি বিভাগ থেকে জানানো হয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও তার স্বাক্ষর যুক্ত হতে পারে।

