রাজধানী এয়ারপোর্টের মেইন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে বিশাল (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনা ঘটে। তিনি লিওনেল মেসির দল আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফিরছিলেন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন।
বিশালকে হাসপাতালে নিয়ে তারই বন্ধু সুস্ময় জানান, রাতে আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে আমরা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এয়ারপোর্টে মেইন রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যাই। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয় বিশালকে।
তিনি আরও জানান, আহত বিশালের গ্রামের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জ থানার তেতিয়াপাড়া গ্রামে। বর্তমানে খিলক্ষেতের দুই নং রোড এলাকায় থাকেন। পেশায় তিনি ইভেন্ট ম্যানেজার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক জানান, সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাইক চালিয়ে বাসায় যাওয়ার পথে এয়ারপোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত এক যুবক ঢাকা মেডিকেলে এসেছেন। জরুরি বিভাগে চিকিৎসাধীন এখন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহত বিশালকে আমরা অবজারভেশনে রেখেছি। মাথায় আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
কেএজেডআইএ/এসএনআর








