নরসিংদীর রায়পুরায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে ডুবে তারা মারা যায়। 

মারা যাওয়া শিশুরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই গ্রামের রুবেল মিয়ার যমজ মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে কয়েকজন শিশু গোসল করতে কাকন নদীতে নামে। একপর্যায়ে একজন শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করে অন্যরাও স্রোতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তিন শিশুকে উদ্ধারের পর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় আরো দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, “আমাদের হাসপাতালে তিন শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরেকজনের মৃত্যুর খবর শুনেছি।” 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”