পবিত্র আশুরা উপলক্ষ্যে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মামদানি লেখেন, ‘আশুরা হলো স্মরণ, আত্মত্যাগ এবং আত্মোপলব্ধির সময়।’

তিনি লেখেন, ‘আজ মহররমের ১০ম দিনে আমরা ইমাম হোসেনের সত্য ও মর্যাদার প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করছি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায়বিচারের জন্য লড়াই সব সময়ই সার্থক। আসুন আমরা এ আদর্শগুলোকে ধারণ করি এবং প্রত্যেকে নিউইয়র্কবাসীর জন্য আরও ন্যায়পরায়ণ একটি শহর গড়ে তোলার কাজ অব্যাহত রাখি।’ সংবাদমাধ্যম নিউ আরব নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি বছরের শুরুতে নিউইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মামদানি। দায়িত্ব নেওয়ার পর থেকেই নিউইয়র্ক সিটির বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে আসছেন তিনি। এর আগে, রমজানে ডজনখানেক ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন এবং শহরের পাঁচটি এলাকায় বিভিন্ন নামাজে অংশ নিয়েছিলেন মামদানি।