রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ার পর হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‍“বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বারিধারা কূটনৈতিক এলাকার জাতিসংঘ রোডে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুনের ঘটনাটি ঘটে।”

সংশ্লিষ্ট সূত্রে ​জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানের আগুনের ধোঁয়ায় প্রচণ্ড শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। পরে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তাদের ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পর্যায়ে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে দুজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল ও শঙ্কা মুক্ত। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।