বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে ছোট একটি সিদ্ধান্তও বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর প্রত্যাশা, নিয়ম মেনেই বাঁশি বাজাবেন ফাইনালের দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।

স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারবেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারবেন না। ফুটবলের বৈধতার সেই সীমারেখা অতিক্রম করা যাবে না।’

সতর্ক করলেও রেফারিদের ওপর নিজের আস্থার কথাও জানিয়েছেন লা ফুয়েন্তে, ‘রেফারিদের ওপর আমার অটুট বিশ্বাস আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কার ধারণা আছে, কী ধরনের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’

ফাইনালের রেফারি ভিনচিচ এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লিওনেল মেসির দল। আরও একবার তিনবারের চ্যাম্পিয়নদের ম্যাচ পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের স্বাভাবিক খেলার ওপর জোর দিচ্ছেন লা ফুয়েন্তে। তাঁর মতে, ম্যাচ জিততে চাইলে প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই, ‘তারা নিজেদের ফুটবল খেলবে। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের খেলায়, নিজেদের ধরনকে আরও শক্তিশালী করা এবং উন্নতি করার দিকে। আমরা যদি নিজেদের দর্শন ও কৌশল থেকে সরে যাই, তাহলে আমাদের ভুগতে হবে।’

ফাইনালে ওঠার গুরুত্ব তুলে ধরে দে লা ফুয়েন্তে বলেন, ‘প্রতি বছর যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে হারতেও হয়, তবুও আমি সেটি মেনে নেব। গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইনালে পৌঁছানো এবং জয়ের অবস্থানে থাকা। ফাইনালে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। আর জয়ের জন্য লড়াই করাটাই সবচেয়ে জরুরি। আমরা নিজেদের শক্তি দিয়ে লড়াই করব, প্রতিপক্ষের শক্তি কমিয়ে আনার চেষ্টা করব। তারা দুর্দান্ত একটি দল এবং অসাধারণ ফর্মে আছে। আমরা মুহূর্তটাকে উপভোগ করব এবং নিজেদের ওপর মনোযোগ রেখে জয়ের সুযোগ তৈরি করব।’