দাবদাহে এখনও পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। কোথাও কোথাও মানুষকে শীতল রাখতে পানি ছিটাচ্ছে দমকল বাহিনী, কোথাও সৈকতে ভিড় করছেন বাসিন্দারা। ফ্রান্সে গরমে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। অতিরিক্ত মৃত্যুর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শেষকৃত্য সেবাদাতারাও। হিমঘরে জায়গা না থাকায় অনেকের অনুরোধ ফিরিয়ে দিচ্ছেন তারা। এপি।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে প্রচণ্ড গরমে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। হিরোস স্কয়ারে পথচারী ও পর্যটকদের ওপর ছিটানো হচ্ছে ঠান্ডা পানি। রোমানিয়ার ব্রাশভ ও রাজধানী বুখারেস্টেও তাপমাত্রা থেকে বাঁচতে মানুষ ভিড় করছেন সুইমিংপুল, ফোয়ারা ও ছায়াঘেরা স্থানে। একই চিত্র দেখা গেছে আলবেনিয়ার সমুদ্রসৈকত এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেডেও। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ফ্রান্স। তীব্র গরমে মাত্র কয়েকদিনেই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন যে, মরদেহ সংরক্ষণে হিমাগারেও আর জায়গা নেই। শেষকৃত্য সেবাদাতারা বলছেন, পরিবার, বৃদ্ধাশ্রম ও পুলিশ থেকে আসা অসংখ্য অনুরোধ ফিরিয়ে দিতে হচ্ছে তাদের। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কিছুটা কমলেও পরে তা আবারও বাড়তে পারে।