মশারি পুরোনো হয়ে গেলে বেশিরভাগ মানুষ সেটি আর ব্যবহার করেন না। কেউ ফেলে দেন, কেউ আবার ঘরের এক কোণে গুছিয়ে রেখে দেন। অথচ সামান্য সৃজনশীলতা থাকলে এই পুরোনো মশারিই হয়ে উঠতে পারে ঘরের সাজসজ্জার দারুণ উপকরণ। নতুন কিছু না কিনেও খুব সহজে ঘরের বিভিন্ন কোণকে আকর্ষণীয় করে তুলতে পারেন। একটু কল্পনা আর অল্প পরিশ্রমেই পুরোনো মশারি পেতে পারে নতুন জীবন।

শোবার ঘরের ক্যানোপি কর্নার তৈরি করুন

শোবার ঘর বা বসার ঘরের কোনো ফাঁকা কোণকে আরামদায়ক ও নান্দনিক করে তুলতে পুরোনো মশারি ব্যবহার করতে পারেন। ছাদ থেকে মশারিটি সুন্দরভাবে ঝুলিয়ে তার ভেতরে একটি নরম কার্পেট, কয়েকটি কুশন এবং ফেয়ারি লাইট বা টুনি বাল্ব সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মনোমুগ্ধকর একটি রিডিং কর্নার। মশারির স্বচ্ছ কাপড় আলোকে কোমল করে ঘরে এনে দেয় শান্ত ও মায়াবী পরিবেশ।

jago

ইনডোর প্ল্যান্টের জন্য স্টাইলিশ হ্যাঙ্গার

যারা ঘরে গাছ রাখতে ভালোবাসেন, তাদের জন্য পুরোনো মশারি হতে পারে দারুণ একটি উপকরণ। মশারির কাপড় কেটে ছোট ছোট ঝুলন্ত হ্যাঙ্গার তৈরি করে তাতে ইনডোর প্ল্যান্ট বা কৃত্রিম লতানো গাছ রাখতে পারেন। এতে বারান্দা কিংবা ঘরের কোণ আরও প্রাণবন্ত দেখাবে। স্বচ্ছ জালের ফাঁক দিয়ে সবুজ পাতার দৃশ্য ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে।

ওয়াল আর্টে আনুন নতুনত্ব

একটি সাধারণ কাঠের ফ্রেমের ওপর মশারির কাপড় টানটান করে আটকে নিলেই তৈরি হয়ে যাবে আধুনিক একটি ওয়াল আর্ট বোর্ড। এরপর ক্লিপ বা আঠা দিয়ে সেখানে প্রিয় ছবি, পোস্টকার্ড, শুকনো ফুল কিংবা ছোট ছোট নোট ঝুলিয়ে সাজিয়ে নিতে পারেন। এটি যেমন স্মৃতি সংরক্ষণের সুন্দর মাধ্যম, তেমনি ঘরের দেয়ালেও এনে দেবে আলাদা নান্দনিকতা।

স্টোরেজ বাস্কেটের নতুন রূপ

ঘরের সাধারণ লন্ড্রি বাস্কেট বা স্টোরেজ ঝুড়িগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরোনো মশারির কাপড় ব্যবহার করতে পারেন। কাপড়টি দিয়ে ঝুড়ি মুড়িয়ে বা ভেতরে লাইনার হিসেবে ব্যবহার করলে দেখতে অনেক বেশি পরিপাটি লাগে। একই সঙ্গে ভেতরের জিনিসপত্রও বাইরে থেকে সরাসরি দেখা যায় না। বাথরুম, ড্রেসিং টেবিল কিংবা শোবার ঘরের জন্য এটি দারুণ একটি আইডিয়া।

jago

ফেয়ারি লাইটে তৈরি করুন মায়াবী পরিবেশ

ফেয়ারি লাইটের আলো যদি খুব তীব্র মনে হয়, তাহলে পুরোনো মশারির কাপড় ব্যবহার করে সহজেই আলোকে নরম ও আরামদায়ক করা যায়। ভাঁজ করা মশারির কাপড়ের ভেতরে ফেয়ারি লাইট রেখে সাজালে আলো জালের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরে তৈরি হয় উষ্ণ ও জাদুকরী আবহ। সন্ধ্যার সময় এই সাজ ঘরের পরিবেশকে আরও মনোরম করে তোলে।

হালকা রুম ডিভাইডার বানান

ছোট ঘরে আলাদা একটি ব্যক্তিগত কোণ তৈরি করতে চাইলে মশারির কাপড় দিয়ে রুম ডিভাইডার বানাতে পারেন। কাঠ বা ধাতুর একটি ফ্রেমে কাপড় আটকে দিলেই তৈরি হবে হালকা ও বাতাস চলাচল উপযোগী বিভাজন। এতে আলো বা বাতাস আটকে যাবে না, আবার ঘরের মধ্যে আলাদা একটি ব্যক্তিগত জায়গাও তৈরি হবে।

jago

টেবিল রানারে আনুন ভিন্নতা

ডাইনিং টেবিল কিংবা কনসোল টেবিল সাজানোর জন্যও পুরোনো মশারি ব্যবহার করা যায়। মশারির কাপড় কেটে টেবিল রানারের মতো বিছিয়ে তার ওপর কাঁচের ফুলদানি, সুগন্ধি মোমবাতি, ছোট শোপিস বা ইনডোর প্ল্যান্ট রাখুন। খুব কম খরচেই টেবিলের সাজে চলে আসবে নতুনত্ব এবং উৎসবের আবহ।

আরও পড়ুন

ক্রোকারি ইউনিটে বদলে যাবে খাবার ঘরের লুক

পুরোনো কোনো জিনিসই সব সময় অপ্রয়োজনীয় নয়। একটু সৃজনশীলভাবে ভাবতে পারলেই ব্যবহার অযোগ্য মনে হওয়া মশারিও হয়ে উঠতে পারে ঘরের সৌন্দর্য বাড়ানোর অসাধারণ উপকরণ।

আরও পড়ুন

পুরোনো শাড়ি দিয়ে ঘর সাজানোর সহজ উপায়

সূত্র: ম্যাজিক ব্রিকস, অ্যাপার্টমেন্ট থিওরি

এসএকেওয়াই