শাহরাস্তিতে নাজমুন নাহার স্বপ্না নামে (৩৩) এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শাহরাস্তি পৌর এলাকার নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, নাজমুন নাহার স্বপ্না মনোহরগঞ্জের লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামের নজরুল ইসলামের মেয়ে। স্বজনরা জানান, নাজমুন নাহার গত উপজেলা পরিষদ নির্বাচনে শাহরাস্তি থেকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রথমে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের ওমর ফারুকের সঙ্গে বিয়ে হয়। ওই সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান হওয়ার পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে একই ইউনিয়নের বেরকী গ্রামের শাহাদাত হোসেনকে বিয়ে করেন স্বপ্না। শাহাদাত সৌদিতে যাওয়ার পর তাদের ওই সংসারেও বিবাহবিচ্ছেদ হয়। এরপর স্বপ্নার তৃতীয় স্বামী একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাজন একজন প্রবাসী। ওসি মীর মাহবুবুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
